চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পুঁতে রাখার কাজে ব্যবহৃত স্পিডবোটগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানো হয়েছে।

জানা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি বন্দর আব্বাস এলাকায় এই হামলা হয়। এলাকাটিতে ইরানের গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি রয়েছে। হামলার সময় স্থানীয় বাসিন্দারা কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
এদিকে হামলার ঘটনাটি এমন সময় ঘটলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে কিছুটা অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, খুব দ্রুত কোনো চূড়ান্ত শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা নেই।
বিশ্লেষকদের মতে, নতুন এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলতে পারে। এতে দুই দেশের চলমান আলোচনা ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
