বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত মঙ্গলবার গভীর রাতে মেডিকেলের কেন্দ্রীয় মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত শিশুরা হলো বাকেরগঞ্জ উপজেলার আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশনের আকাশ (১০)। পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে তারা বাসা থেকে বের হয়ে যায় । পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, তারা মেডিকেল কলেজের দিঘিতে গোসল করতে গিয়েছিল এবং তারা আরো জানান, দুই শিশুর কেউই সাঁতার জানত না।

এ খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরিরা দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম ধারনা করেন, গোসল করতে নেমেই পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। ঈদকে সামনে রেখে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
