কোরবানির ঈদ মানেই একসঙ্গে অনেক মাংস ঘরে আসা। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে ভাগ বা বণ্টনের পরও অনেক মাংস সংরক্ষণ করতে হয় কয়েক দিন কিংবা কয়েক মাসের জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় সঠিক ভাবে সংরক্ষণের অভাবে মাংসের স্বাদ, গুণগত মান ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এমনকি ব্যাকটেরিয়া জন্ম নিয়ে স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে। তাই কোরবানির মাংস সংরক্ষণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি।
মাংস সংরক্ষণের আগে যা করবেন
কোরবানির পরপরই অনেকেই মাংস ধুয়ে ফ্রিজে তুলে রাখেন। তবে বিশেষজ্ঞদের মতে, সংরক্ষণের আগে মাংস থেকে অতিরিক্ত পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়া প্রয়োজন। অতিরিক্ত পানি থাকলে মাংস দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়তে থাকে।
মাংস কাটার পর পরিষ্কার পাত্রে রেখে কিছুক্ষণ বাতাসে শুকিয়ে নেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে দীর্ঘ সময় খোলা পরিবেশে না থাকে । গরম আবহাওয়ায় দুই ঘণ্টার বেশি বাইরে রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করতে পারে।
ছোট ছোট ভাগে সংরক্ষণ করুন
একসঙ্গে অনেক মাংস একটি বড় প্যাকেটে না রেখে ছোট ছোট ভাগ করে সংরক্ষণ করা ভালো। এতে প্রয়োজন অনুযায়ী একটি প্যাকেট বের করে ব্যবহার করা যাবে এবং বারবার পুরো মাংস গলাতে হয় না।
বিশেষজ্ঞদের মতে, বারবার ফ্রিজ থেকে বের করে আবার জমিয়ে রাখলে মাংসের গুণগত মান কমে যায় এবং জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে।
কোন ধরনের প্যাকেটে রাখা ভালো
মাংস সংরক্ষণের জন্য এয়ারটাইট কনটেইনার বা ফুড-গ্রেড জিপলক ব্যাগ ব্যবহার করা সবচেয়ে ভালো। এতে বাতাস কম প্রবেশ করে এবং মাংসের স্বাদ ও গন্ধ দীর্ঘদিন অক্ষুণ্ন থাকে।
প্যাকেটের ওপর সংরক্ষণের তারিখ লিখে রাখলে পরে ব্যবহারের সময় সুবিধা হয়। আগে রাখা মাংস আগে ব্যবহার করার অভ্যাসও গড়ে তুলতে হবে।
ফ্রিজ ও ডিপ ফ্রিজে কত দিন রাখা যায়
রেফ্রিজারেটরে (সাধারণ ফ্রিজে) কাঁচা মাংস সাধারণত ২ থেকে ৩ দিন ভালো থাকে। তবে দীর্ঘ সময় সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজ ব্যবহার করা উচিত।
ডিপ ফ্রিজে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করলে গরুর মাংস কয়েক মাস পর্যন্ত ভালো থাকতে পারে। তবে যত দ্রুত ব্যবহার করা যায়, ততই স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে।

মাংস গলানোর সঠিক পদ্ধতি
অনেকেই ফ্রিজ থেকে বের করে সরাসরি রোদে বা রান্নাঘরের টেবিলে রেখে মাংস গলান, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মাংস গলানোর সবচেয়ে নিরাপদ উপায় হলো রান্নার কয়েক ঘণ্টা আগে ফ্রিজের সাধারণ অংশে রেখে দেওয়া। এতে ধীরে ধীরে মাংস গলতে থাকে এবং জীবাণু বৃদ্ধির ঝুঁকি কম থাকে।
মাইক্রোওয়েভে গলালে তা দ্রুত রান্না করে ফেলা উচিত।
রান্না করা মাংস সংরক্ষণে সতর্কতা
রান্না করা মাংস বেশি সময় ধরে ঘরের তাপমাত্রায় রাখা ঠিক নয়। রান্নার দুই ঘণ্টার মধ্যে তা ফ্রিজে সংরক্ষণ করা উচিত।
গরম অবস্থায় সরাসরি ফ্রিজে না রেখে কিছুটা ঠান্ডা করে সংরক্ষণ করতে হবে। তবে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করাও ঠিক নয়।
যে ভুলগুলো প্রায়ই করা হয়
কোরবানির সময় অনেক পরিবার কিছু সাধারণ ভুল করে থাকে। যেমন—
গরম মাংস সরাসরি ফ্রিজে রাখা
একসঙ্গে অনেক মাংস একটি প্যাকেটে রাখা
বারবার একই মাংস গলানো ও পুনরায় জমিয়ে রাখা
অপরিষ্কার পাত্রে সংরক্ষণ করা
সংরক্ষণের তারিখ না লেখা
এসব অভ্যাস মাংসের গুণগত মান নষ্ট করতে পারে। তাই এসকল বিষয় মনে রাখা জরুরি।
বিদ্যুৎ চলে গেলে কী করবেন
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ফ্রিজের দরজা বারবার খোলা থেকে বিরত থাকতে হবে। দরজা বন্ধ থাকলে ভেতরের ঠান্ডা তাপমাত্রা তুলনামূলক বেশি সময় ধরে রাখা সম্ভব হয়।
যদি মাংস পুরোপুরি গলে যায়, তাহলে দ্রুত রান্না করে ফেলা ভালো। পুনরায় জমিয়ে রাখা সব সময় নিরাপদ নাও হতে পারে। তাই এ বিষয়টি খেয়াল রাখা জরুরি।
স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা জরুরি
পুষ্টিবিদদের মতে, শুধু মাংস সংগ্রহ করলেই হবে না, সঠিকভাবে সংরক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক উপায়ে পানি ঝড়ানো, সঠিক তাপমাত্রা এবং নিরাপদ প্যাকেজিং নিশ্চিত করতে পারলে মাংস দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
কোরবানির ঈদের ব্যস্ততার মাঝেও সামান্য সচেতনতা আপনাকে ও আপনার পরিবারকে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে সাহায্য করবে। আপনার পরিবারের সুরক্ষায় একটু সচেতনা অবলম্বনই যথেষ্ট।
